মদনে বিভিন্ন সরকারি দফতরে ওড়েনি বিজয়ের পতাকা

খালিয়াজুরী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়ে উত্তোলন করা হয়নি পতাকা

বিজয় দিবসে সব প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করার নিয়ম থাকলেও নেত্রকোনার মদন উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে পতাকা উত্তোলন করা হয়নি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের প্রতিনিধিসহ সব স্তরের মানুষ।

সরেজমিনে দেখা গেছে, মদন উপজেলার অতিরিক্ত পুলিশ সুপার খালিয়াজুরি সার্কেলের কার্যালয়, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, ডেমিয়েন ফাউন্ডেশন, মাঘান ইউপির অস্থায়ীর কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। আবার বেশ কিছু প্রতিষ্ঠানে পতাকা উত্তোলন করা হলেও এক্ষেত্রে নিয়ম মানা হয়নি।

এ ব্যাপারে উপজেলার মুক্তিযোদ্ধা ও সাংবাদিক এটিএম আব্দুল হাই দুঃখ প্রকাশ করে বলেন, ‘৩০ লাখ শহীদ ও ২ লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে পাওয়া জাতীয় পতাকা বিজয়ের দিনটিতেও ওড়ানো হয়নি।’

খালিয়াজুরী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল বলেন, ‘আজ আমি সাভার জাতীয় সৃতিসৌধে দায়িত্বরত আছি। মদনে কী হয়েছে, খবর নিয়ে দেখছি।’

উপজেলা পতাকা তদারকি কমিটির আহ্বায়ক ও মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শওকত আলী বলেন, ‘স্যারের অফিসে লোক ছিল না। তাই পতাকা ওড়ানো হয়নি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওয়ালীউল হাসান বলেন, ‘নিয়ম আছে, উপজেলা পরিষদে পতাকা উত্তোলন করা হলে কিছু প্রতিষ্ঠানে পতাকা উত্তোলন করতে হয় না।’

জেলা পুলিশ সুপার জয়দেব চৌধুরী বলেন, ‘জাতীয় দিবসে কেন পতাকা উত্তোলন করা হয়নি, এ বিষয়ে খোঁজ নিয়ে দায়িত্বে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। আমি খোঁজ নিয়ে দেখছি। নিয়মের বাইরে কিছু হলে ব্যবস্থা নেওয়া হবে।’