ডাকাতির প্রস্তুতিকালে আটক দুই

-দিনাজপুরের হিলিতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাতকে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুইটি হাসুয়া, একটি রামদা, তিনটি চাকু, ছয়টি ফেনসিডিলের বোতল ও কিছু পোশাক উদ্ধার করা হয়। আটককৃত দুই ডাকাত হচ্ছে হাকিমপুর উপজেলার জাংগই গ্রামের শামসুর রহমানের ছেলে রুবেল মিয়া (২৫) এবং মহেশপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে আলমগীর হোসেন (২৩)।

মঙ্গলবার ভোরে হিলির দূর্জনপুর এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

হাকিমপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. আব্দুস সবুর বাংলা ট্রিবিউনকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে হিলির দূর্জনপুর এলাকায় সড়কে ডাকাতির প্রস্তুতির সময় একটি সংঘবদ্ধ ডাকাত দলকে ধাওয়া দেয় পুলিশ। এ সময় রুবেল ও আলমগীর নামের দুই ডাকাতকে আটক করতে পারলেও অন্যরা পালিয়ে যায়। আটককৃতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দুইটি হাসুয়া, একটি রামদা, তিনটি চাকু, ছয়টি ফেনসিলের বোতল ও কিছু পোশাক উদ্ধার করা হয়েছে। মামলার পর আদালতের মাধ্যমে তাদের দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।