রসিক নির্বাচন নিয়ে মিথ্যাচার করছে বিএনপি: বাণিজ্যমন্ত্রী

শিক্ষার্থীদের হাতে ল্যাপটপ তুলে দিচ্ছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ (ছবি- প্রতিনিধি)

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচন নিয়ে বিএনপি মিথ্যাচার করছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে ভোলার বাংলা বাজারে অবস্থিত ফাতেমা খানম কলেজে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তোফায়েল আহমেদ বলেন, ‘দেশের মানুষ বলছেন, রসিক নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। আর বিএনপি বলছে, তা হয়নি। রংপুরের মতো জায়গায় তারা ৩০ হাজার ভোট পেয়েছে। অথচ তারা নির্বাচনে কারচুপি হয়েছে বলে দাবি করছে, যা মিথ্যাচার ছাড়া কিছুই না।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ‘দেশের মানুষ ভালো করেই জানে, বিএনপি মিথ্যুকদের দল। তারা সেটা আরও একবার প্রমাণ করলো।’

জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার জন্য ওই অনুষ্ঠানের আয়োজন করে ফাতেমা খানম কলেজ কর্তৃপক্ষ। পরে মন্ত্রী ৫২ জন শিক্ষার্থীর হাতে শুভেচ্ছা উপহার হিসেবে ল্যাপটপ তুলে দেন।

কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মইনুল হোসেন বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন– বিশেষ অতিথি ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, ভোলা পৌর মেয়র মনিরুজ্জামান মনির, ড. তসলিমা আহমেদ জামান মুন্নী, অধ্যক্ষ ফারুক আহমেদ, অধ্যক্ষ রুহুল আমিন জাহাঙ্গির প্রমুখ। এসময় আরও উপস্থিত ছিলেন–  জেলা প্রশাসক মো. সেলিম উদ্দিন, পুলিশ সুপার মো. মোকতার হোসেন, জেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম গোলদার, প্রবীণ সাংবাদিক আবু তাহের, আওয়ামী লীগ নেতা হামিদুল হক বাহালুল মোল্লা প্রমুখ।

এর আগে সকালে বাণিজ্যমন্ত্রী একই এলাকায় ১০ শয্যাবিশিষ্ট ফাতেমা খানম মা ও শিশু কল্যাণকেন্দ্রের উদ্বোধন করেন।

উল্লেখ্য, ১৯৯৭ সালে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ তার মায়ের নামে ফাতেমা খানম কলেজ প্রতিষ্ঠা করেন। ২০১৭ সালে এইচএসসি পরীক্ষায় জেলার সেরা হওয়ার পাশপাশি কলেজটি বরিশাল শিক্ষাবোর্ডের সেরা তালিকায় স্থান করে নেয়।