শরণখোলায় ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিয়ে পণ্ড

বাগেরহাটবাগেরহাটের শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিংকন বিশ্বাসের হস্তক্ষেপে এক এসএসসি পরীক্ষার্থীর বিয়ে পণ্ড হয়েছে। বুধবার দুপুরে শরণখোলা উপজেলার খান্তাকাটা ইউনিয়নের রাজৈর গ্রামের জামাল ফরাজী তার এসএসসি পরীক্ষার্থী মেয়ের বিয়ের আয়োজন করেছিলেন। বর পাশের নলবুনিয়া গ্রামের কামাল মুন্সীর ছেলে সুমন মুন্সী (৩২)। খবর পেয়ে ওই বাড়িতে হাজির হন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস।

শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস বলেন, মঙ্গলবার বিকালে তার দফতরে গিয়ে ওই ছাত্রীর এক আত্মীয় ছাত্রীটির অমতে বিয়ে দেওয়ার অভিযোগ করেন। বুধবার দুপুরে গিয়ে বিয়ের সমস্ত আয়োজন বন্ধ করে দেওয়া হয়। বিয়ের কাবিন হয়েছে কিনা তা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।