কালিয়ায় উপ-নির্বাচনে বহিরাগতদের প্রবেশ নিয়ে সংঘর্ষ, ২ ইউপি চেয়ারম্যানসহ আহত ৪

নড়াইলনড়াইলের কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন চলাকালে নির্বাচনি এলাকায় পাশের দুই ইউপি’র চেয়ারম্যানসহ বহিরাগতদের প্রবেশকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উপজেলার চাঁচুড়ী ও পুরুলিয়ার ইউপি চেয়ারম্যানসহ চার জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ২৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) দুপুরে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) জালাল উদ্দিন।
আহতরা হলেন— কালিয়া উপজেলার চাঁচুড়ী ইউপি চেয়্যারম্যান সিরাজুল ইসলাম হিরোক, পুরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আমিরুল ইসলাম মনি এবং একই এলাকার রওশন কাজী ও সরোয়ার ভূঁইয়া।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। দুপুরের দিকে চাঁচুড়ী ইউনিয়নের চেয়্যারম্যান সিরাজুল ইসলাম হিরোক ও পুরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আমিরুল ইসলাম মনিসহ চার জন নির্বাচনি এলাকা বোমবাগে প্রবেশ করেন। এসময় স্থানীয়রা তাদেরকে নির্বাচনি এলাকায় প্রবেশে বাধা দিলে বাক-বিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে উত্তেজিত জনতার হামলায় দুই চেয়ারম্যানসহ ওই চার জন আহত হন।
রিটার্নিং অফিসার ও কালিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জসিম উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভোট কেন্দ্রের বাইরে কোনও ঘটনা ঘটেছে কিনা, তা আমাদের জানা নেই। তবে বহিরাগতরা নির্বাচনি এলাকায় প্রবেশ করে থাকলে তারা আচারণবিধি লঙ্ঘন করেছেন।’
এ ঘটনায় উপ-নির্বাচনে কোনও প্রভাব পড়বে না বলে জানিয়েছেন নড়াইলের এএসপি জালাল উদ্দিন। তিনি বলেন, ‘এটি কেন্দ্রের বাইরের ঘটনা। নির্বাচনে ভোটগ্রহণ বা অন্য প্রক্রিয়ায় এর কোনও প্রভাব নেই।’
উল্লেখ্য, কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৮টায়। বিকাল ৪টা পর্যন্ত ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ চলবে। নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী পলি বেগম এবং আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন গোলাম মোহাম্মদ।
গত ২৫ আগস্ট ভোরে কালিয়া উপজেলার হামিদপুর ইউপি চেয়ারম্যান নাহিদ হোসেন মোল্যা সন্ত্রাসীদের গুলিতে নিহত হলে চেয়ারম্যানের পদটি শূন্য হয়।