কমলগঞ্জে নতুন পাঠ্যবই ছিঁড়ে ফেলল দুষ্কৃতকারীরা

দুষ্কৃতিকারীরা বই ছিঁড়ে ফেলে দিয়ে যায়মৌলভীবাজারের কমলগঞ্জের একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করার জন্য রাখা নতুন পাঠ্যবই ছিঁড়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ধলই চা বাগানের ধলই প্রাথমিক বিদ্যালয়ে বুধবার রাতে এ ঘটনা ঘটে।

আগামী ১ জানুয়ারি শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করার জন্য রাখা নতুন পাঠ্যবই বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙে রাতের আঁধারে ছিঁড়ে ফেলে দেয় দুষ্কৃতকারীরা।

স্কুলের প্রধান শিক্ষক সত্য নারায়ণ রাজভর জানান, স্কুলে প্রথম থেকে পঞ্চম শ্রেণির ২১৫ জন শিক্ষার্থীর মধ্যে বিতরণের জন্য এনে রাখা ২১৫ সেট বইয়ের সবগুলো ছিঁড়ে বাইরের ঝোঁপের মধ্যে ফেলে রাখে অজ্ঞাত ব্যক্তিরা।

জানা গেছে, গত ২৬ ডিসেম্বর বাগানের নলকূপ চুরির ঘটনায় প্রধান শিক্ষককের সঙ্গে স্থানীয় এক ব্যক্তির কথা কাটাকাটি হয়। স্থানীয়দের হস্তক্ষেপে সাময়িকভাবে বিষয়টি সমাধান হয়। এর দু’দিনের মধ্যে বইগুলো ছিঁড়ে ফেলার ঘটনা ঘটে।

এ ঘটনায় স্কুল কর্তৃপক্ষ উপজেলা শিক্ষা অফিস ও কমলগঞ্জ থানাকে অবহিত করেছে।

কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক মাহবুব আহমেদের নেতৃত্বে ঘটনাস্থলে পুলিশকমলগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মোশারফ হোসেন বলেন, ‘ধলই প্রাথমিক স্কুলের কয়েকটি বই ছিঁড়ে ফেলার ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউপি চেয়ারম্যান পুষ্প কুমার কানু বলেন, ‘চা শ্রমিকের শিশু সন্তানদের শিক্ষার আলো থেকে বঞ্চিত করতেই কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে। তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।’

ঘটনার খবর পেয়ে কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক মাহবুব আহমেদের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

কমলগঞ্জ থানার ওসি মো. মোক্তাদির হোসেন বলেন, ‘এ ব্যাপারে এখনও কোনও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’