সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধা পরিবারের পৌরকর মওকুফ ঘোষণা

পৌরসভা আয়োজিত অনুষ্ঠান

পৌর শহরে বসবাসকারী সব মুক্তিযোদ্ধা পরিবারের পৌরকর মওকুফ ঘোষণা করেছে সিরাজগঞ্জ পৌরসভা কর্তৃপক্ষ। রবিবার (৩১ ডিসেম্বর) সকালে পৌরসভার হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে মাধ্যমে মুক্তিযোদ্ধাদের হাতে পৌরকর মওকুফের প্রত্যয়নপত্র তুলে দেওয়া হয়।

পৌর মেয়র আব্দুর রউফ মুক্তার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা।

পৌর মেয়র আব্দুর রউফ মুক্তা বলেন, ‘মুক্তিযোদ্ধারা দেশের গর্বিত সন্তান। এজন্য পৌর এলাকায় বসবাসকারী ২৪৫ জন বীর মুক্তিযোদ্ধার পরিবারের জন্য পৌরকর মওকুফ ঘোষণা করে তাদের হাতে প্রত্যয়নপত্র তুলে দেয়া হয়েছে। নতুন বছর থেকে তারা পৌরকরের আওতামুক্ত থাকবেন। ইতোমধ্যে যে সকল মুক্তিযোদ্ধা মারা গেছেন, তাদের পরিবার-পরিজন এ সুবিধা ভোগ করবেন।’

এ বিষয়ে জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার গাজী শফিকুল ইসলাম শফি বলেন, ‘পৌরসভার এ উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। স্বাধীনতার ৪৬ বছর পর পৌর কর্তৃপক্ষ মুক্তিযোদ্ধাদের যে সম্মান দেখিয়েছে আমরা এজন্য পৌর কর্তৃপক্ষকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।’ 

সভায় বীর মুক্তিযোদ্ধা ও সিরাজগঞ্জ চেম্বারের প্রেসিডেন্ট আবু ইউসুফ সুর্য্য, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম খান, এ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক আমিনুল ইসলাম চৌধুরী, পৌরসভার প্যানেল মেয়র সাংবাদিক হেলাল উদ্দিন ও পৌর সচিব লুৎফর রহমান বক্তব্য রাখেন।