ব্রাহ্মণবাড়িয়ায় তিন দিনব্যাপী অদ্বৈত মেলা শুরু

অদ্বৈত মেলার উদ্বোধন

কথাশিল্পী অদ্বৈত মল্লবর্মণের জন্মবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় তিন দিনব্যাপী অদ্বৈত মেলা শুরু হয়েছে। এ মেলার আয়োজন করেছে তিতাস আবৃত্তি সংগঠন। সোমবার (১ জানুয়ারি) সন্ধ্যায় শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সদর- ৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বর্তমান প্রজন্মকে অদ্বৈত মল্লবর্মণের জীবন সম্পর্কে অবহিত করলে তারা আলোকিত হবে। বর্তমান প্রজন্মকে আলোকিত করলেই দেশ আলোকিত হবে। আর আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। আমাদের এই দেশকে শিক্ষা ও সংস্কৃতির মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে হবে।’

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র নায়ার কবির, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আল মামুন সরকার, মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক শাহ্ মুহাম্মদ মুতাসিম বিল্লাহ, জেলা প্রেসক্লাবের সভাপতি খ আ ম রশিদুল ইসলাম। অনুষ্ঠানে কবি সাহিত্যিক সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

তিন দিনব্যাপী মেলায় আলোচনার সভার পাশাপাশি নাচ, গান, আবৃত্তির আয়োজন করা হয়েছে। ৩ জানুয়ারি মেলার শেষ দিনে অদ্বৈত সম্মাননা প্রদান করা হবে। এ বছর অদ্বৈত সম্মাননা পাচ্ছেন অদ্বৈত গবেষক অধ্যাপক মো. শাহাব উদ্দিন।