সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবো: বিমানমন্ত্রী

বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পমাল্য দিচ্ছেন শাহজাহান কামাল (ছবি- প্রতিনিধি)

বিমান ও পর্যটনকে লাভজনক খাতে রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল। তিনি বলেছেন, ‘এটা এক কঠিন দায়িত্ব। এ দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করবো।’

শুক্রবার (৫ জানুয়ারি) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

শাহজাহান কামাল বলেন, ‘বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে ঢেলে সাজানো হবে। সবার সহযোগিতায় কাজ করতে চাই।’

এর আগে নবনিযুক্ত মন্ত্রী নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে পুষ্পমাল্য অপর্ণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এসময় আরও উপস্থিত ছিলেন– কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ফরিদুন্নআহার লাইলি, হারুনার রশিদ, লক্ষীপুর জেলা পরিষদের চেয়ারম্যন মো. শাজাহান, জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব অলী খান, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোসা. শাম্মী আক্তার, টুঙ্গিপাড়ার উপজেলার সাবেক চেয়ারম্যান সোলাইমান বিশ্বাস, টুঙ্গিপাড়া পৌরসভার সাবেক মেয়র ইলিয়াস হোসেন সরদারসহ অনেকে।