কর্মস্থলে অনুপস্থিত, যবিপ্রবি’র এক শিক্ষককে বরখাস্তের সিদ্ধান্ত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ফাইল ছবি)

দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক মাছুমা আক্তারকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার (৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুর রশিদ অর্ণব এ তথ্য জানিয়েছেন।

জানা যায়, শনিবার দুপুরে উপাচার্যের সম্মেলন কক্ষে রিজেন্ট বোর্ডের ৪৬তম সভায় এ বরখাস্তের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সভায় জানানো হয়, মাছুমা আক্তার ২০১৩ সালের ৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা ছুটি নিয়ে আর কর্মস্থলে যোগ দেননি। কাজে যোগদানের জন্য তার স্থায়ী ঠিকানায় চূড়ান্ত চিঠি এবং পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হলেও তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কোনও ধরনের যোগাযোগ করেননি। ফলে বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক আজ তাকে চাকরি হতে স্থায়ীভাবে বরখাস্তের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে রিজেন্ট বোর্ড।

রিজেন্ট বোর্ডের সভাপতি ও যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে এ রিজেন্ট বোর্ডের সভা অনুষ্ঠিত হয়।