ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলো কিশোর

কিশোর অমৃত কুমার সূত্রধর

ভারতে ১৪ মাস কারাভোগের পর বাংলাদেশি কিশোর অমৃত কুমার সূত্রধরকে (১৭) দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফিরিয়ে আনা হয়েছে। রবিবার (৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় হিলি সীমান্তের ২৮৫ নং মেইন পিলারের ১১ নং সাব-পিলার সংলগ্ন চেকপোস্ট গেটের শূন্যরেখা দিয়ে ভারতের অভিবাসন পুলিশের ওসি বিকাশ মণ্ডল বাংলাদেশের হিলি ইমিগ্রেশন পুলিশের কাছে সুত্রধরকে হস্তান্তর করেন।

অমৃত কুমার সূত্রধর সিরাজগঞ্জ জেলা সদরের শিয়ালকোল গ্রামের সুকুমার চৌধুরী সূত্রধরের ছেলে। সে চট্টগ্রামের একটি কলেজে পড়াশুনা করেছে। ২০১৬ সালের ২ নভেম্বর প্রেমিকাকে নিয়ে সে হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালায়।

অমৃত কুমার সূত্রধর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভারতে প্রবেশের পর শিলিগুড়ি যাওয়ার জন্য বালুরঘাট বাসস্টান্ডে গেলে স্থানীয়রা আমাদের আটক করে পুলিশে সোপর্দ করে। পরে আদালতে হাজির করা হলে আমাকে বালুরঘাট শোভায়োন হোম এবং আমার প্রেমিকাকে মালদার চিলড্রেন হোমে পাঠিয়ে দেওয়া হয়। শোভায়োন হোমে আমি ১৪ মাস আটক ছিলাম।’

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি মো.আফতাব হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারতীয় অভিবাসন পুলিশ আজ (রবিবার) তাকে আমার কাছে হস্তান্তর করে। কাগজপত্রের প্রক্রিয়া শেষে তাকে তার পরিবারের কাছে হস্তান্তরের কথা রয়েছে। তবে তার বিরুদ্ধে সিরাজগঞ্জ থানায় একটি অপহরণ মামলা থাকায় এ নিয়ে আমি সিরাজগঞ্জ থানার সঙ্গে কথা বলেছি। সেখানকার ওসি আমাকে জানিয়েছেন, বিষয়টি দুই পরিবার আপসে নিষ্পত্তি করেছেন; তবে মামলা এখনও শেষ হয়নি। এখন আদালত চাইলে অমৃত কুমার সূত্রধরকে সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করা হবে, নয়ত পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে বিকাল ৪টা পর্যন্ত তাকে আমাদের হেফাজতে রাখা হবে।’

গত ২০১৭ সালের ৮ ডিসেম্বর কারাভোগ শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারত থেকে একইভাবে দেশে ফিরে আসেন সূত্রধরের প্রেমিকা তাহমিনা আক্তার মুক্তা।