৯ বছরে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে: পরিকল্পনামন্ত্রী

বক্তব্য রাখছেন আ হ ম মুস্তফা কামাল

২০০৮ থেকে ২০১৭ সাল পর্যন্ত সময়ে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে বলে দাবি করেছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) কুমিল্লা টাউন হল মাঠে আয়োজিত তিন দিনের উন্নয়ন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।

আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘উন্নয়নের রোল মডেল শেখ হাসিনার বাংলাদেশ। ২০২১ সালের মধ্যে এদেশ ক্ষুধা ও দরিদ্রমুক্ত হবে। আর ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হবে।’

উন্নয়ন মেলায় সরকারের উন্নয়ন কার্যক্রম জনসাধারণের সামনে উপস্থাপন করা হবে জানিয়ে তিনি আরও বলেন, ‘মেলায় দেশের সব সরকারি, আধা-সরকারি ও বেসরকারি সংস্থার উন্নয়ন কার্যক্রম তুলে ধরা হবে। গত ১৩ বছরের অগ্রগতি ও উন্নয়ন চিত্র তুলে ধরা হবে। ২০০৮ থেকে ২০১৭ সালের মধ্যে দেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। দেশের সবাই এই উন্নয়নের অংশ। এই অর্জন সবার। এই উন্নয়নকে তুলে ধরতে আয়োজন করা হয়েছে উন্নয়ন মেলা।’

তিন দিনের মেলায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা রয়েছে। আয়োজন করা হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক কুইজ, আলোচনা, বিতর্ক ও রচনা প্রতিযোগিতা। সন্ধ্যা ৬টায় মেলামঞ্চে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সব আয়োজনে সবাইকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন কুমিল্লার জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম।