‘আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনেও আধিপত্য বিস্তার করবে বাংলাদেশি তরুণ-তরুণীরা’

পুরস্কার তুলে দিচ্ছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক

যুব গেমসের মাধ্যমে নিজেদের শানিত করে এদেশের তরুণ-তরুণীরা আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনেও আধিপত্য বিস্তার করবে বলে আশা প্রকাশ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকালে ময়মনসিংহ নগরীর সার্কিট হাউজ মাঠে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহযোগিতায় ও ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় যুব গেমসের বিভাগীয় পর্যায়ের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আশা প্রকাশ করেন।

আবু বেলাল মোহাম্মদ শফিউল হক বলেন, ‘যুব গেমস তরুণ-তরুণীদের প্রতিভা বিকাশের সুযোগ করে দিয়েছে। আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনেও তারা নিজেদের আধিপত্য বিস্তার করতে সক্ষম হবে।’

পরে সেনাপ্রধান ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার জন্য বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অতিরিক্ত পাঁচ লাখ টাকার অনুদান ঘোষণা করেন।

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন– ঘাটাইল ক্যান্টনমেন্টের জিওসি মেজর জেনারেল সাজ্জাদুল হক, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সৈয়দ শাহেদ রেজা, কোষাধ্যক্ষ রাজিব উদ্দিন আহমেদ চপল, অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. মোজাম্মেল হক, অতিরিক্ত ডিআইজি আক্কাস উদ্দিন ভূঁইয়া, ময়মনসিংহ জেলা প্রশাসক মো. খলিলুর রহমান, ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামুল হক টিটু, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. জহিরুল হক খোকা, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফোয়াদ রেদুয়ানসহ বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।