কুমিল্লায় ইটভাটার মেশিনে কাটা পড়ে শ্রমিকের মৃত্যু

কুমিল্লা

কুমিল্লার আদর্শ সদর উপজেলায় ইটভাটার মেশিনে কাটা পড়ে সামছুল হক (৫২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকালে উপজেলার বাখরাবাদ (চাঁপাপুর) এলাকায় মেসার্স কুমিল্লা ব্রিকস নামের ইটভাটায় এ ঘটনা ঘটে।  কোতোয়ালি মডেল থানার এসআই রবিউল এ খবর নিশ্চিত করেন।

নিহত সামছুল হক নেত্রকোনার মদন থানার তেওসি গ্রামের বাসিন্দা।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সামছুল হক ও তার পরিবারের কয়েকজন সদস্য ওই ইটভাটায় কাজ করতেন। বৃহস্পতিবার বিকালে কাজ করার সময় সামছুল হক ইটের মাটি প্রস্তুতকারী মেশিনের ওপর হঠাৎ পড়ে যান। সঙ্গে সঙ্গে তার শরীর চলন্ত মেশিনে পেঁচিয়ে খণ্ড-বিখণ্ড হয়ে তিনি মারা যান।

ইটভাটার মালিক আবদুল মান্নান জানান, সামছুল হক কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন। ইটের মাটি প্রস্তুতকারী মেশিনের কাছে যাওয়ার পর হঠাৎ মাথা ঘুরে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।

এসআই রবিউল জানান, ওই শ্রমিকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।