ওসি বজলার রহমান জানান, ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, জেলার লাখাই উপজেলার তেঘরিয়া গ্রামের মিলন খানের সঙ্গে একই গ্রামের ডা. ফয়েজ মিয়ার বিরোধ চলছে অনেক দিন থেকে। গ্রামের ভেতর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ বিরোধ। শনিবার জমির মালিকানা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। এসময় দেশীয় অস্ত্র নিয়ে এক পক্ষ আরেক পক্ষকে আক্রমণ করে। সংঘর্ষের খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ঘণ্টাব্যাপী সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত ৫০ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় ২৫ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হবিগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ড. সোহাগ চৌধুরী বলেন, ‘বিকালের পর থেকে ২৫ জনকে সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অবস্থা বেশি খারাপ হওয়ায় ৩ জনকে সিলেট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’