প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বদলে দিয়েছেন বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রী স্বপ্ন দেখেন, স্বপ্ন বাস্তবায়নও করেন। তিনি চ্যালেঞ্জ করে বলেছিলেন, বাংলাদেশকে বদলে দেবেন। তিনি তার কথা রেখেছেন।’
শনিবার (২০ জানুয়ারি) বিকালে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন শেখ হাসিনা। এখানে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সব ধর্মের মানুষ যার যার ধর্ম পালন করে আসছে।’
তিনি আরও বলেন, ‘দেশ-মাতৃকার টানে পুলিশ জঙ্গি দমন করছে। দেশের বাইরেও আজ পুলিশ সুনাম অর্জন করছে।’ এসময় মন্ত্রী রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয়কে জাতীয়করণের আশ্বাসও দেন।
শতবর্ষ পূর্তি উদযাপন কমিটির সভাপতি স্থানীয় সরকারের সাবেক সচিব মো. আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন– জেলা প্রশাসক সায়লা ফারজানা, জেলা পুলিশ সুপার জায়েদুল আলম, সিরাজদীখান উপজেলার চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, সাবেক সচিব রেজাউল করীম, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানবীর মোহাম্মদ আজিম, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নাজমুল আলম খান, সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরন প্রমুখ।