রংপুরের পরীক্ষাকেন্দ্র বাতিল করে দিনাজপুরে স্থাপনের দাবিতে মানববন্ধন

দিনাজপুরে এলএলবি পরীক্ষার্থীদের মানববন্ধনরংপুর থেকে পরীক্ষা কেন্দ্র বাতিল করে দিনাজপুরে কেন্দ্র স্থাপন করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলএলবি পরীক্ষার্থীরা। শনিবার (২০ জানুয়ারি) দুপুরে দিনাজপুর প্রেস ক্লাব সম্মুখ সড়কে এলএলবি পরীক্ষার্থীরা এই মানববন্ধন কর্মসূচি পালন করেন।
পরীক্ষার্থীরা জানান, দিনাজপুর আইন কলেজের এলএলবি ২০১৬-২০১৭ শিক্ষা বর্ষের প্রথম পর্ব পরীক্ষা আগামী ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। গত এক দশক ধরে দিনাজপুর সরকারি কলেজে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে। কিন্তু হঠাৎ করে জাতীয় বিশ্ববিদ্যালয় কোনও পূর্ব ঘোষণা ছাড়াই এবারে দিনাজপুরের পরীক্ষা কেন্দ্রটি পরিবর্তন করে রংপুরে স্থাপন করে। শুধু তাই নয়, পরীক্ষার রুটিন একমাস আগে প্রকাশ করার কথা থাকলেও পরীক্ষার ১৫ দিন আগে প্রকাশ করা হয়।
তীব্র এই শীতের মৌসুমে দিনাজপুর থেকে ২ ঘণ্টা দূরত্বে গিয়ে পরীক্ষা দেওয়াকে বড় ধরনের চাপ বলে মনে করছেন পরীক্ষার্থীরা। এ কারণে তারা রংপুরের পরীক্ষাকেন্দ্রটি বাতিল করে তা দিনাজপুরে ফিরিয়ে আনার দাবি জানান। এ বিষয়ে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।
মানববন্ধনে এলএলবি পরীক্ষার্থী এনামুল হক, সাইফুল ইসলাম, রিতু দাস, নূর আজম সিদ্দিকী, মেহেদী হাসান প্রমুখ বক্তব্য রাখেন।