অভিযুক্ত মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি বাতিল করা হবে: মোজাম্মেল হক

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আ ক ম মোজাম্মেল হক (ছবি- প্রতিনিধি)

যেসব মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ রয়েছে, সেসব কমিটি বাতিল করে নতুন কমিটি দেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

শনিবার (২০ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিনামূল্যে চিকিৎসা ও রক্তদান কর্মসূচি উদ্বোধনের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্তির জন্য নতুন করে প্রায় এক লাখ আবেদন পড়েছে। সেখান থেকে কাগজপত্র ভুয়া হওয়ায় ৬ হাজারের বেশি আবেদন বাতিল করা হয়েছে। আমরা প্রায় ১৬৬টি উপজেলার মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই করতে পারিনি। অনেক উপজেলায় আমাদের নীতিমালা অনুসরণ করা হয়নি।’

তিনি আরও বলেন, ‘আগের তুলনায় যেসব উপজেলার মুক্তিযোদ্ধাদের সংখ্যা ১০ ভাগের বেশি হবে, আমরা ধরে নেবো, সেসব উপজেলায় যাচাই-বাছাই সঠিক হয়নি। সেজন্য সেসব উপজেলার যাচাই-বাছাই কমিটি বাতিল করে নতুন করে কমিটি দেওয়া হবে।’ দায়িত্বভার গ্রহণের পর বীরাঙ্গনাসহ মাত্র ৬শ’ জন মুক্তিযোদ্ধা হয়েছেন বলেও জানান আ ক ম মোজাম্মেল হক।

বিনামূল্যে চিকিৎসা ও রক্তদান কর্মসূচি উদ্বোধন শেষে এক আলোচনা সভায় তিনি যোগ দেন। নাগেশ্বরী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক প্রধানের সভাপতিত্বে এতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ছাড়াও বক্তব্য রাখেন– জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক এমপি জাফর আলী, জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান, পুলিশ সুপার মেহেদুল করিম, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম টুকু, বাংলাদেশ ছাত্রলীগ রংপুর মেডিক্যাল কলেজ শাখার সাবেক সাধারণ সম্পাদক লন্ডন প্রবাসী ডা. এএইচএম সুমন প্রধান প্রমুখ।