নিখোঁজের ৫ দিন পর পদ্মায় পাওয়া গেল লাশ

পাটুরিয়া ঘাট (ফাইল ছবি)

মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটের কাছে পদ্মা নদী থেকে আরমান ভুঁইয়া রনি (২৮) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। গত রবিবার (২১ জানুয়ারি) ফেরি দিয়ে পার হওয়ার সময় নিখোঁজ হন তিনি। শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরের দিকে পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাটের কাছে পদ্মা নদীতে  একটি লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে  পুলিশ তার লাশটি উদ্ধার করে। উদ্ধার হওয়া লাশটি একজন পরিবহন সুপারভাইজারের। তিনি ৫ দিন আগে ফেরি পারাপারের সময় নিখোঁজ হয়েছিলেন। তার নাম আরমান ভুঁইয়া রনি (২৮)। তিনি নরসিংদীর শিবপুর এলাকার আব্দুর রহমানের ছেলে। 


শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে  জানান, রনি দেশ ট্রাভেলস পরিবহনের সুপারভাইজার হিসাবে কর্মরত  ছিলেন। গত  ৫ দিন  আগে ফেরি দিয়ে পার হয়ে আসার সময় তিনি নিখোঁজ হন। পরিবহনের লোকজনসহ স্বজনরা তাকে খুঁজে পায়নি। 
পরে তার বাবা আব্দুর রহমান গত বুধবার থানায় একটি সাধারন ডায়েরি করেন। বৃহস্পতিবার দুপুরের দিকে তার লাশ পাটুরিয়া ঘাটের কাছে পদ্মা নদীতে ভাসমান থাকার খবর পেলে তা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

এর আগে গত ৩১ ডিসেম্বর ফেরিঘাটের কাছে পদ্মা নদী থেকে মকবুল হোসেন হাজরা (৩৭) নামের এক নিখোঁজ পরিবহন সুপারভাইজারের লাশ উদ্ধার করে পুলিশ। উদ্ধারের চার দিন আগে তিনি নিখোঁজ হয়েছিলেন। মৃত মকবুল হোসেন হাজরা চাঁদপুর জেলা সদর এলাকার লালপুর এলাকার মৃত ইসমাইল হোসেন হাজরার ছেলে।