আলোর স্বল্পতায় শেষ হয়নি পদ্মা সেতুর দ্বিতীয় স্প্যান বসানোর কাজ

চলছে পদ্মা সেতুর দ্বিতীয় স্প্যান বসানোর কাজ (শনিবার তোলা ছবি)প্রথম স্প্যান বসানোর প্রায় চার মাস পর পদ্মা সেতুর দ্বিতীয় স্প্যান বসানোর কাজ শুরু হয় আজ শনিবার (২৭ জানুয়ারি)। তবে আলোর স্বল্পতার কারণে এদিন স্প্যান বসানোর কাজ শেষ হয়নি। আগামীকাল রবিবারও (২৮ জানুয়ারি) তাই স্প্যান বসানোর কাজ চলবে বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন পদ্মা সেতু প্রকল্পের প্রকৌশলীরা।
শনিবার সকাল থেকে শুরু হয় পদ্মা সেতুর দ্বিতীয় স্প্যান বসানোর কাজ। ৩ হাজার ৬০০ কিলোজুল ধারণক্ষমতার ভাসমান ক্রেন দিয়ে ১৫০ মিটার দীর্ঘ স্প্যানটি ৩৮ ও ৩৯ নম্বর পিয়ারে আনা হয় দুপুর ১২টার দিকে। তবে দিনের আলো থাকতে থাকতে এই স্প্যান বসানোর কাজ শেষ হয়নি।
প্রকল্প সংশ্লিষ্ট এক প্রকৌশলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আলোকস্বল্পতার কারণে আজ (শনিবার) স্প্যান বসানোর কাজ শেষ করা যায়নি। কাল (রবিবার) আবার কাজ শুরু হবে।’ তিনি আরও বলেন, ‘সার্ভে ও মেজারমেন্ট শতভাগ নিশ্চিত হয়েই স্প্যানটি বসানো হবে। এখানে মিলিমিটার পর্যন্ত মাপও সঠিক হতে হয়। তাই সময় বেশি লাগছে। প্রথম স্প্যান বসাতে এত সময় লাগেনি। যেহেতু কাজটি সঠিকভাবে করতে হবে, তাই কোনও স্প্যান বসাতে সময় বেশি লাগবে, আবার কোনও স্প্যান বসাতে হয়তো সময় বেশি লাগবে।’
একটি সূত্রে জানা গেছে, কেবল আলোকস্বল্পতা নয়, স্প্যান বসানোর কাজ শেষ না হওয়ার আরেকটি কারণ নাব্যতার সংকট। যদিও নাম প্রকাশে অনিচ্ছুক ওই প্রকৌশলী দাবি করেন, কাজ শেষ না করার পেছনের একমাত্র কারণ আলোক স্বল্পতা।
এদিকে, পদ্মা সেতুর ১১ সদস্যের বিশেষজ্ঞ প্যানেলের তিন দিনের সভা আজ শনিবার সন্ধ্যায় শেষ হয়েছে। তবে সেতুর ১৪টি পিলারের নকশা চূড়ান্ত করার বিষয়ে সভায় কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। সেতু সংশ্লিষ্ট এক প্রকৌশলী জানান, শিগগিরই এ বিষয়ে তারা সিদ্ধান্ত নেবেন। তিনি বলেন, ‘বছরে তিনবার নিয়মিত এই সভা হয়। সেতুর সার্বিক অগ্রগতি ও সেতু সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় সভায় আলোচনা করা হয়। তবে আজকের (শনিবার) সভায় সেতুর ১৪টি পিলারের নকশা চূড়ান্তকরণের সিদ্ধান্ত নেওয়া যায়নি।’