দুই পোশাক শ্রমিককে অপহরণের অভিযোগে গ্রেফতার ২

র‌্যাবের হাতে গ্রেফতার বেলাল ও হাবিব




দুই পোশাক শ্রমিককে অপহরণের অভিযোগে চট্টগ্রামের বোয়ালখালী এলাকা থেকে দু’জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব। অপহৃত একজনের বড় ভাইয়ের অভিযোগের ভিত্তিতে র‌্যাব শনিবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর চান্দগাঁওয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মিমতানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 


গ্রেফতার দুজন হলেন— মো. বেলাল হোসেন (২৩) ও  হাবিবুর রহমান (২০)। এদের মধ্যে বেলাল নগরীর পাঁচলাইশ এলাকার মোহাম্মদ আলীর ছেলে এবং হাবিবুর রহমান বোয়ালখালী এলাকার মৃত দেলা মিয়ার ছেলে।
অন্যদিকে, অপহৃত ব্যক্তিরা  হলেন—  মো. রবিউল ইসলঅম (৪০) ও আবু বক্কর সিদ্দিক সোহেল (৩৭)। তারা দু’জন নগরীর নাসিরাবাদ এলাকার সিজার অ্যাপারেল গার্মেন্ট-এর কর্মী।
মিমতানুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, শুক্রবার (২৬ জানুয়ারি) রবিউলের বড় ভাই জসিম উদ্দিন র‌্যাব-৭ কার্যালয়ে অভিযোগ দায়ের করেন যে, কয়েক ব্যক্তি তার ভাই রবিউল ও ভাইয়ের সহকর্মীকে অপহরণ করেছে।

অভিযোগপত্রে জসিম উদ্দিন  দাবি করেন, তার ভাই রবিউল ইসলাম ফোন করে জানান যে, তাকে অপহরণ করা হয়েছে এবং অপহরণকারীরা এক লাখ টাকা মুক্তিপণ দাবি করছে। মুক্তিপণের টাকা মোবাইল নম্বর-০১৭৭১৪৭৫০৭৯ তে বিকাশ করতে বলা হয়। 
অভিযোগকারী জসিম জানান, তিনি তার ভাইয়ের মুক্তির জন্য বিকাশের মাধ্যমে অপহরণকারীদের নম্বরে ১০ হাজার টাকা  পাঠান এবং অপহৃত আবু বক্কর সিদ্দিকের মা ১৮ হাজার টাকা পাঠান।

অভিযোগের ভিত্তিতে র‌্যাব ৭ -এর সদস্যরা নগরীর চান্দগাঁও থানার পশ্চিম ফরিদাপাড়া খতিবের হাট এলাকার চান মিয়া রোডে কোরবান আলীর বাড়িতে অভিযান চালান। সেখান থেকে বেলাল হোসেন  ও  হাবিবুর রহমানকে গ্রেফতার করেন তারা। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অপহৃত  রবিউল ইসলাম ও আবু বক্কর সিদ্দিক সোহেলকে উদ্ধার করা হয়।