মৌলভীবাজারে সাত লক্ষাধিক মুসল্লির অংশগ্রহণে আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হয়েছে তিন দিনব্যাপী জেলাভিত্তিক ইজতেমা। শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে আখেরি মোনাজাত পরিচালনা করেন ঢাকা রাজধানীর কাকরাইল মসজিদের মুরুব্বী মো.ওমর ফারুক।
বিশ্ব ইজতেমার অংশ হিসেবে মৌলভীবাজারে এ ইজতেমার আয়োজন করা হয়। ইজতেমায় আখেরি মোনাজাতে মুসলিম উম্মাহ, দেশ ও মানবতার কল্যাণ-সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়। মোনাজাতে অংশ নেন, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ এবং জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান। ইজতেমা ময়দানে পাশে একটি বাড়ি থেকে আখেরি মোনাজাতে অংশ নেন মৌলভীবজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন।
এছাড়া মৌলভীবাজার জেলা প্রশাসক তোফায়েল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান অজিজুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল প্রমুখ মোনাজাতে অংশ নেন। ইজতেমায় মুসল্লিদের সার্বিক নিরাপত্তায় জেলা পুলিশের ৫ শতাধিক সদস্য মোতায়েন করা ছিল।