নারায়ণগঞ্জ নগরীর সিদ্ধিরগঞ্জের গোদনাইলের তৃতীয় শ্রেণির স্কুলছাত্রী রোকসানাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় গ্রেফতারকৃত মূল আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে সিদ্ধিরগঞ্জের গোদনাইলের ২নং ঢাকেশ্বরী বাসস্ট্যান্ড এলাকায় এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে গোদনাইল উচ্চ বিদ্যালয়, গোদনাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বর্ণমালা একাডেমির শিক্ষার্থীরা অংশ নেয়। মানববন্ধন থেকে রোকসানাকে ধর্ষণ এবং হত্যার ঘটনায় গ্রেফতার রায়হান কবির সোহাগের ফাঁসির দাবি জানানো হয়।
মানববন্ধনে নিহত রোকসানার মা কারিনা বেগম বলেন, আসামিকে গ্রেফতার করা হয়েছে। আমরা এখন মেয়ে হত্যার সুষ্ঠু বিচার দাবি করছি। আসামির ফাঁসির দাবি জানাচ্ছি।
উল্লেখ্য, গত ২৩ জানুয়ারি বিদ্যালয়ে যাওয়ার পথে অপহরণ হয় গোদনাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী রোকসানা। পরে ২৬ জানুয়ারি সোনারগাঁওয়ে কাইকারটেক ব্রিজের ঢালে রাস্তার পাশ থেকে হাত-পা ও মুখে স্কচটেপ পেঁচানো রোকসানার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রোকসানার বাবা থানায় হত্যা মামলা দায়ের করলে ২৮ জানুয়ারি রায়হান কবির সোহাগকে গ্রেফতার করে। সোমবার সে আদালতে হত্যাকা-ের কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে।