জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার রায়কে ঘিরে দেশে নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করা হলে তা সহ্য করা হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিকালে পাবনার বেড়া কলেজ মাঠে স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
পাবনা-১ (সাঁথিয়া-বেড়া) আসনের সংসদ সদস্য আলহাজ শামসুল হক টুকুর সভাপতিত্বে মোহাম্মদ নাসিম বলেন, ‘আদালতে বিচারাধীন থাকা খালেদা জিয়ার দুর্নীতির দুই মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে নাশকতা-বিশৃঙ্খলা সৃষ্টি হলে সরকার কঠোর ব্যবস্থা নেবে। বিচারে খালেদা জিয়ার সাজা হতে পারে, এটা আদালতের ব্যাপার। আদালতের কার্যক্রমে আমাদের কোনও হস্তক্ষেপ নেই।’
পাবনাবাসীকে আবারও নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দেশের উন্নয়ন করবে শেখ হাসিনার সরকার, আর নির্বাচিত হবে খালেদা জিয়া, এটা হতে পারে না। দেশের উন্নয়নের কথা মাথায় রেখে, জঙ্গি দমনের কথা মাথায় রেখে জনগণের উচিত আওয়ামী লীগকেই আবারও ক্ষমতায় আনা।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে চক্রান্ত করছেন। কোনও চক্রান্ত কাজে আসবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের অধীনেই নির্বাচন হবে।’
জনসভায় আরও বক্তব্য রাখেন– রাজশাহী বিভাগীয় মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খাইরুজ্জামান লিটন, কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য নুরুল ইসলাম ঠান্ডু, প্রফেসর মেরিনা জাহান কবিতা, পাবনা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল রহিম লাল, রাকসুর সাবেক জিএস খোন্দকার জাহাঙ্গীর কবির রানা, বেড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেড়া পৌর মেয়র আলহাজ আব্দুল বাতেন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের প্রমুখ।