পুড়িয়ে দেওয়া হয় হাঙ্গরের শুঁটকি বরগুনার পাথরঘাটার শুঁটকিপল্লিতে অভিযান চালিয়ে প্রায় ৭০ লাখ টাকা মূল্যের হাঙ্গরের বাচ্চার শুঁটকি ও মাছের তেল আটক করেছে কোস্টগার্ড। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তা পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিকালে পাথরঘাটা উপজেলার বিষখালী নদী সংলগ্ন নতুন বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
বন বিভাগের বিট অফিসার মো. রফিকুল ইসলাম বলেন, ‘ধারণা করা হচ্ছে, এসব শুঁটকি ও তেলের মূল্য প্রায় ৭০ লাখ টাকা।’
পাথরঘাটায় শুঁটকিপল্লিতে অভিযানকোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার লে. অনিক জানান, শুঁটকিপল্লিতে মদিনা ফিশারি অ্যান্ড এন্টারপ্রাইজ নামে একটি শুঁটকিজাতকরণ প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় ওই প্রতিষ্ঠানের মালিক মো. ইউনুছ হাওলাদারকে পাওয়া যায়নি। পরে শুঁটকিপল্লিতে প্রায় ৫০ মণের অধিক কাঁচা ও শুকানো হাঙ্গর মাছ এবং চারটি ব্যারেলে এক হাজার ২০০ কেজির অধিক হাঙ্গর মাছের তেল জব্দ করা হয়। পরে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে তা পুড়িয়ে ফেলা হয়েছে।
পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমায়ন কবীর বলেন, ‘মৎস্য, পরিবেশ ও বন আইনে এভাবে হাঙ্গরের শুঁটকি তৈরি ও তেল সংরক্ষণ সম্পূর্ণ বেআইনি। তাই মাছ ও তেল পুড়িয়ে ফেলা হয়েছে।’
এদিকে স্থানীয়রা জানান, বহু বছর ধরে এ শুঁটকিপল্লিতে হাঙ্গরসহ বিভিন্ন প্রজাতির মাছ শুকানো, প্রক্রিয়াজাতকরণ ও হাঙ্গর মাছের তেল সংরক্ষণ এবং বিক্রি করা হয়। এ কারণে শুঁটকিপল্লি সংলগ্ন পুরো এলাকা বসবাসের অযোগ্য হয়ে পড়েছে।