নওগাঁয় গত বছর পাসপোর্ট হয়েছে ২৩ হাজার

পাসপোর্ট সেবা সপ্তাহ ২০১৮ এর উদ্বোধনী অনুষ্ঠানপাসপোর্ট সেবা প্রদান অনেক সহজ করা হয়েছে এবং অনিয়ম ও দুর্নীতি ছাড়াই মানুষ এখন পাসপোর্ট পাচ্ছেন বলে মন্তব্য করেছেন নওগাঁ জেলা পাসপোর্ট অফিসের কর্মকর্তারা। নওগাঁ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-সহকারী পরিচালক মো. গোলাম ইয়াছিন বলেন, ‘২০১৭ সালের ২৩ হাজার ৬৮৯টি পাসপোর্ট সেবাগ্রহীতাদের হাতে তুলে দেওয়া হয়েছে। আর শুধু এ বছরের জানুয়ারি মাসেই ২ হাজার ২৫১টি পাসপোর্ট প্রদান করা হয়েছে।’  

রবিবার (৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১০টায় পাসপোর্ট সেবা সপ্তাহ ২০১৮ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়েছে।

এসময় নওগাঁ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-সহকারী পরিচালক মো. গোলাম ইয়াছিন বলেন,‘নওগাঁ জেলায় পাসপোর্ট অফিসের কার্যক্রম শুরু হওয়ার পর ২০১৪ সালে ৮ হাজার ১৭৬টি, ২০১৫ সালে ১৯ হাজার ১৬৫টি, ২০১৬ সালে ২০ হাজার ২৫৫টি পাসপোর্ট দেওয়া হয়েছে। সে তুলনায় পাসপোর্ট গ্রহীতার সংখ্যা অনেক বেড়েছে।’

তিনি আরও জানান, অল্প খরচে কোনও অনিয়ম ছাড়াই গ্রহীতারা পাসপোর্ট সেবা গ্রহণ করতে পারছেন। ২০১৪ সালের ৮ জুলাই থেকে ৩১ জানুয়ারি ২০১৮ পর্যন্ত মোট ৭৩ হাজার ৫৩৬টি পাসপোর্ট প্রদান করা হয়েছে।

পাসপোর্ট সেবা সপ্তাহ ২০১৮ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মিজানুর রহমান। এছাড়াও ছিলেন নওগাঁ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-সহাকারী পরিচালক মো. গোলাম ইয়াছিন, জেলা প্রেসক্লাবের সভাপতি মো. কায়েস উদ্দিন এবং সাধারণ সম্পাদক মীর মোশারফ হোসেন জুয়েলসহ পাসপোর্ট অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।