চতুর্থ বর্ষের সূচিতে অসন্তোষ, পরীক্ষা পেছানোর দাবি

মানববন্ধন (ছবি- প্রতিনিধি)

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মান চতুর্থ বর্ষের পরীক্ষার সময়সূচি নিয়ে অসন্তোষ জানিয়েছেন কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থীরা। এ সময়সূচি পরিবর্তনের দাবিতে তারা মানববন্ধনও করেছেন।

রবিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থীরা প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানবন্ধন করেন। এসময় ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা সময়সূচি নিয়ে নিজেদের অসন্তোষ জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন– মো. নাজমুল ইসলাম, শামিম সরকার, মো. ফারুক হোসেন, মো. রাজ্জাক, বিধূ ভূষণ প্রমুখ।

শিক্ষার্থীরা জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুসারে ফরম পূরণের শেষ তারিখের ২০ দিন পর পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়। অথচ চতুর্থ বর্ষের ফরম পূরণের শেষ তারিখ ছিল ৩১ জানুয়ারি। আর ১ ফেব্রুয়ারি পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। এই অনুযায়ী অনেক শিক্ষার্থীর তৃতীয় বর্ষের মানোন্নয়ন পরীক্ষাও একই সময় অনুষ্ঠিত হবে। অনেকের পরপর পরীক্ষা হওয়ার কারণে ফলাফল বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। এজন্য তারা সময়সূচি পরিবর্তনের দাবি জানাচ্ছেন। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা কলেজ অধ্যক্ষ বরাবর স্বারকলিপি দেন।