সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রফতানি ফের শুরু

সোনামসজিদ স্থলবন্দর (ছবি: সংগৃহীত)পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আবারও আমদানি-রফতানি কার্যক্রম শুরু করেছে ভারতের মোহদীপুর এক্সপোর্টার অ্যাসোসিয়েশন। সোমবার দুপুর ২টার পর থেকে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয় বলে জানান সোনামসজিদ স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার সাফায়েত হোসেন।

দফায় দফায় পাথরের দাম বৃদ্ধি, ওজনে কম, মানসম্মত পাথর না দেওয়া এবং জিএসপি’র নামে রশিদ ছাড়াই পার হওয়া সেফটিতে অতিরিক্ত দুই রুপি করে চাঁদা আদায়ের প্রতিবাদে বাংলাদেশী পাথর আমাদানিকারকরা গত দুই সপ্তাহ ধরে পাথর আমদানি বন্ধ রেখেছেন। এ কারণে আজ সোমবার সকাল থেকে সোনামসজিদ স্থলবন্ধর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ করে দেয় ভারতের মোহদীপুর এক্সর্পোটার অ্যাসোসিয়েশন।

সোনামসজিদ সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হারুনুর রশিদ জানান, পাঁচ ঘন্টা বন্ধ থাকার পর আবারও আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। তবে পাথর আমদানির ক্ষেত্রে সৃষ্ট জটিলতার কোনও সমাধান এখনও হয়নি। এব্যাপারে কোনও আলোচনাও হয়নি।