সুন্দরবন থেকে হরিণের মাংস ও মাথা উদ্ধার

বাগেরহাটবাগেরহাটের পূর্ব সুন্দরবন এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে শিকার করা হরিণের মাংস ও একটি মাথা উদ্ধার করেছে কোস্টগার্ড। ৫ ফেব্রুয়ারি সোমবার রাতে কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা সুন্দরবনের ছোট কুমড়োকাঠী এলাকায় অভিযান চালিয়ে ওই মাথা ও মাংস উদ্ধার করেন। তবে এ সময় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। মঙ্গলবার সকালে উদ্ধার করা হরিণের মাংস ও একটি মাথা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লে. আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, ‘চোরা শিকারিরা সুন্দরবন থেকে বিরল প্রজাতির হরিণ শিকার করে মাংস ব্যক্তিগত স্বার্থে বিক্রির জন্য মজুদ করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড সদস্যরা সুন্দরবনের ছোট কুমড়োকাঠী এলাকায় অভিযানে যায়। এ সময় শিকারিরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে সেখানে তল্লাশি চালিয়ে একটি হরিণের মাথা ও ২৫ কেজি মাংস উদ্ধার করা হয়।

লেফটেন্যান্ট আব্দুল্লাহ-আল-মাহমুদ জানান, কোস্টগার্ডের এখতিয়ারভুক্ত এলাকাগুলোতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, চোরাচালান নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তার পাশাপাশি বন্য পশু-পাখি রক্ষায় অভিযান অব্যাহত রয়েছে।