চট্টগ্রামে রিহ্যাব ফেয়ার আজ শুরু

সংবাদ সম্মেলন

আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) থেকে চট্টগ্রামে তিন দিনব্যাপী ‘রিহ্যাব ফেয়ার’ শুরু হচ্ছে। নগরীর পাঁচ তারকা হোটেল র‌্যাডিসন ব্লু’তে এ আবাসন মেলা চলবে আগামী রবিবার পর্যন্ত। রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) ভাইস-প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান আবদুল কৈয়ূম চৌধুরী এ তথ্য জানিয়েছেন। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম ক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এ তথ্য জানান।

আবদুল কৈয়ূম চৌধুরী বলেন, ‘বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান আব্দুচ ছালাম উপস্থিত থেকে তিন দিনব্যাপী রিহ্যাব মেলার উদ্বোধন করবেন। এবার মেলায় ৫৯টি স্টল থাকছে। এর মধ্যে কো-স্পন্সর হিসেবে অংশগ্রহণ করছে ২১টি প্রতিষ্ঠান, সাধারণ স্টল থাকছে ২১টি, বিল্ডিং ম্যাটেরিয়ালস ১০টি এবং আর্থিক প্রতিষ্ঠান ৭টি।’

তিনি আরও বলেন, ‘প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। এবার প্রবেশ ফি সিঙ্গেল এন্ট্রির জন্য ৫০ টাকা ও মাল্টিপল এন্ট্রির জন্য ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। মাল্টিপল এন্ট্রি টিকিট দিয়ে একজন দর্শনার্থী চার বার মেলায় প্রবেশ করতে পারবেন।’

আবদুল কৈয়ূম বলেন, ‘চট্টগ্রামে এটি আমাদের একাদশতম আয়োজন। এর আগে চট্টগ্রামে আমরা ১০টি ফেয়ার সফলভাবে সম্পন্ন করেছি। ২০০১ সাল থেকে ঢাকায় রিহ্যাব হাউজিং ফেয়ার শুরু হয়। সেখানেও ১৭টি হাউজিং ফেয়ার সফলভাবে সম্পন্ন করেছে রিহ্যাব। এছাড়া ২০০৪ সাল থেকে আমরা বিদেশে হাউজিং ফেয়ার আয়োজন করে আসছি। এপর্যন্ত যুক্তরাষ্ট্রে ১২টি, যুক্তরাজ্য, দুবাই, ইতালির রোম, কানাডা, সিডনি এবং কাতারে ১টি করে রিহ্যাব হাউজিং ফেয়ার সফলভাবে সম্পন্ন করেছি।’

সংবাদ সম্মেলনে রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কো-চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক, ইঞ্জিনিয়ার দিদারুল হক চৌধুরী ও মিডিয়া কমিটির চেয়ারম্যান এএসএম আব্দুল গাফফার মিয়াজিসহ সংগঠনটির আরও অনেকে উপস্থিত ছিলেন।