জানা যায়, সিরাজী ভবনের ১২০, ১২১ ও ১২২ নম্বর কক্ষটি ফোকলোর বিভাগের শিক্ষার্থীরা ব্যবহার করতো। ২০১১ সালে ১২১ নম্বর কক্ষটি প্রশাসন থেকে ইতিহাস বিভাগের জন্য বরাদ্দ করা হয়। বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালে শ্রেণিকক্ষে বসাকে কেন্দ্র করে ইতিহাস ও ফোকলোর বিভাগের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। দুপুর ১২টার দিকে ক্লাস বর্জন করে নিজেদের শ্রেণিকক্ষে এবং ইতিহাস বিভাগের (১২১) কক্ষে তালা ঝুলিয়ে দেয় ফোকলোর বিভাগের শিক্ষার্থীরা। একইসঙ্গে সমাধান চেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর লিখিত অভিযোগও দেন তারা।
এরপর আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ফোকলোর বিভাগের সভাপতি ড. আখতার হোসেন ওই কক্ষের তালা খুলে দেন। এতে শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে তাকে তার কক্ষে অবরুদ্ধ করে অবস্থান কর্মসূচি পালন করেন। পরে বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন সেখানে উপস্থিত হলে শিক্ষার্থীরা তালা খুলে দেয়। এরপর তারা চলে যাওয়ার পর সভাপতির কক্ষে আবারও তালা দেয় শিক্ষার্থীরা। কক্ষ সমস্যার আনুষ্ঠানিক সমাধান না হওয়া পর্যন্ত তারা কর্মসূচি প্রত্যাহার করবে না বলেও জানায়।
আন্দোলনরত ফোকলোর বিভাগের শিক্ষার্থীদের অভিযোগ, পাঠদানের সময় শ্রেণিকক্ষে বিশৃঙ্খলার পাশাপাশি প্রায়ই ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা তাদের সঙ্গে খারাপ আচরণ করেন। তবে ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের অভিযোগ, কক্ষটি দখল করতেই ফোকলোর বিভাগের শিক্ষার্থীরা ইচ্ছে করেই তাদের সঙ্গে প্রায়ই বাক-বিতণ্ডায় জড়ায়।
উল্লেখ্য, এর আগে ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের বিরুদ্ধে শ্রেণিকক্ষে বিশৃঙ্খলা ও দুর্ব্যবহার করার অভিযোগ তুলে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের ঘোষণা দেয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের শিক্ষার্থীরা। বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটলে ফোকলোর বিভাগের শিক্ষার্থীরা ক্লাস বর্জনের ঘোষণা দেন।
প্রত্যক্ষদর্শী ও ফোকলোর বিভাগের শিক্ষার্থীরা জানায়, বুধবার সকাল ৯টার দিকে ভবনের ১২২ নম্বর কক্ষে চতুর্থ বর্ষের ক্লাস নিচ্ছিলেন ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক ড. উদয় শংকর বিশ্বাস। এসময় পাশের ১২১ নম্বর কক্ষে অবস্থানরত ইতিহাস বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থীরা বিশৃঙ্খলা করছিল। এতে পাঠদানে সমস্যা হওয়ায় চতুর্থ বর্ষের এক শিক্ষার্থী তাদের গোলমাল করতে নিষেধ করেন। কিন্তু এরপরও তারা গোলমাল বন্ধ করেনি। পরে নিষেধ অমান্য করাকে কেন্দ্র করে ফোকলোর বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা। একপর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই বিভাগের শিক্ষার্থীরা।