দিনাজপুরে বিএনপির খণ্ড খণ্ড মিছিল, আটক ৩

দলীয় কার্যালয়ের সামনে থেকে বিএনপি নেতাকর্মীদের আটক করা হয়

খালেদা জিয়ার কারাদণ্ডের প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে বড় কোনও সমাবেশ করতে না পারলেও খণ্ড খণ্ড মিছিল করেছে দিনাজপুর জেলা বিএনপির নেতাকর্মীরা। তবে পুলিশের বাধায় নিজেদের জেলা কার্যালয়ের সামনে তারা কোনও বিক্ষোভ করতে পারেনি।  

সরেজমিনে দেখা যায়, শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে জুমার নামাজের পর জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিএনপির নেতাকর্মীরা সমবেত হতে চাইলে বাধা দেয় পুলিশ। সেসময় সেখান থেকে ৩ জন নেতাকর্মীকে আটক করা হয়। একই সময়ে শহরের মুন্সিপাড়া থেকে একটি মিছিল বের করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি নিমতলা মোড়ে গিয়ে শেষ হয়।

বিএনপি কর্মীদের অভিযোগ, নেতাকর্মীরা যাতে বিক্ষোভ করতে না পারে সেজন্য শহরে পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে। তাদের টহল দিতেও দেখা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও বিজিবিকে টহলে রাখা হয়েছে।