হাওরে ফসলহানি ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে: পানিসম্পদমন্ত্রী

সুনামগঞ্জে আনোয়ার হোসেন মঞ্জুসুনামগঞ্জের হাওরে গত মৌসুমের মতো আর যাতে ফসলহানি না হয়, সেজন্য পানিসম্পদ মন্ত্রণালয় সর্বোচ্চ চেষ্টা করছে  বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। তিনি বলেন, ‘ইতোমধ্যে হাওরাঞ্চলে বাঁধের কাজ শুরু হয়েছে। হাওরের দুঃখ গোছাতে প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে হাওররক্ষায় হাওর এলাকার সবাইকে আরও সক্রিয় হতে হবে।’ গতবছর আগাম বন্যার পানিতে ফসল তলিয়ে যাওয়ার মতো ঘটনা এবার আর হবে না বলেও আশ্বাস দেন তিনি।

শনিবার (১০ ফেব্রুয়ারি) সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার পাগনার হাওরপাড় পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় মন্ত্রী একথা বলেন। উপজেলা মিলনায়তনে কৃষক, সুধীজন ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে এ মতবিনিময় করেন মন্ত্রী। এর আগে হাওরের বিভিন্ন বাঁধ পরিদর্শন করেন তিনি।

মন্ত্রী বলেন, ‘বাঁধের কাজের ক্ষেত্রে সমন্বয়ের অভাব রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে প্রশাসনের সমন্বয় হয় না।’ এসময় জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের বিষয়টি দেখার তাগিদ দেন তিনি।

মতবিনিময় সভার আগে মন্ত্রী হেলিকপ্টার লো-ফ্লাই করে জেলার হাওর অঞ্চলের বেড়িবাঁধের চলমান কাজ পরিদর্শন করেন। মন্ত্রী ধর্মপাশা উপজেলার চন্দ্রসোনা থাল হাওর, ধনকুনিয়া, জয়ধুনা হাওর এবং জামালগঞ্জ উপজেলার পাগনার হাওর, হালির হাওর, আপার বৌলাই নদী খননের চলমান কাজ পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাফর আহমদ খান, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মাহফুজুর রহমান, স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন প্রমুখ।