খালেদা জিয়ার মুক্তির দাবিতে মৌলভীবাজারে বিএনপির বিক্ষোভ মিছিল

মৌলভীবাজার জেলা বিএনপির বিক্ষোভ মিছিলখালেদা জিয়ার অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ করেছে মৌলভীবাজার জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

শনিবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় মৌলভীবাজার শহরের শমসেরনগর সড়ক থেকে চৌমোহনা অভিমুখে একটি বিক্ষোভ মিছিল করে বিএনপি। পরে জেলা বিএনপির সহসভাপতি আব্দুল মুকিতের সভাপতিত্বে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আশিক মোশারফ, সাংগঠনিক সম্পাদক বকসী মিছবাউর রহমান, সদর থানা বিএনপির সভাপতি মো. হেলু মিয়া, পৌর বিএনপির সদস্য সচিব মনোয়ার রহমান, জেলা যুবদল নেতা মিজানুর রহমান নিজাম, মোবারক হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ ফয়সল, জেলা ছাত্রদল নেতা আকিদুর রহমান সোহান ও ছাত্রদল নেতা জনি।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ‘দেশনেত্রীর নির্দেশেই জাতীয়তাবাদী শক্তি এখনও শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক প্রতিবাদ করছে, তবে আমাদের ধৈর্যের পরীক্ষা নেবেন না। খালেদা জিয়াকে অবিলম্বে কারামুক্তি করুন, অন্যথায় এদেশের দেশপ্রেমিক ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে গণঅভ্যুত্থানের মাধ্যমে  বিনাভোটের অবৈধ আওয়ামী সরকারকে ক্ষমতা থেকে বিদায় দেওয়া হবে।’