এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের সদস্য কলেজ ছাত্র রবিউল আলমকে (১৯) গ্রেফতার করা হয়েছে। রবিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে তাকে শহরের জহুরুলনগর এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-১২ বগুড়া ক্যাম্পের সদস্যরা।
রবিবার দুপুরে র্যাব-১২ বগুড়া স্পেশাল কোম্পানির কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে কমান্ডার মেজর এসএম মোরশেদ হাসান এ তথ্য জানিয়েছেন।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের সদস্য রবিউল আলম গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার শিবপুর গ্রামের জালাল মিয়ার ছেলে। সে গোপালগঞ্জ শেখ মুজিবুর রহমান কলেজের এইচএসসির ছাত্র। রবিউল প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের প্রধান সোহান পারভেজের সঙ্গে যোগসাজসে ‘সোহান পারভেজ’ নামে একটি ফেসবুক আইডি ব্যবহার করে এসএসসি পরীক্ষার ফাঁস করে। পরীক্ষার আগের রাতে হাতের লেখা এবং পরীক্ষা শুরুর একঘণ্টা আগে এমসিকিউ প্রশ্নসহ উত্তর প্রস্তুত করে ম্যাসেঞ্জার অ্যাপের মাধ্যমে বিতরণ করে আসছিল। বিনিময়ে তারা বিকাশের মাধ্যমে বিভিন্ন অংকের টাকা সংগ্রহ করে থাকে।
রবিউল বগুড়ায় প্রশ্নপত্র দেওয়ার বিনিময়ে টাকা নিতে এসেছিল। রবিবারর সকাল সাড়ে ৯টার দিকে গোপনে খবরের ভিত্তিতে তাকে শহরের জহুরুল নগর এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
র্যাব কর্মকর্তা আরও জানান, সোহান পারভেজ একই কলেজের এইচএসসির ছাত্র। রবিউলের দেওয়া তথ্য অনুসারে প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের মূলহোতাসহ পুরো গ্রুপকে গ্রেফতারে অভিযান চলছে।
সদর থানার ডিউটি অফিসার এসআই রোজিনা খাতুন জানান, বিকালে রবিউল আলমকে তাদের কাছে সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে র্যাবের ডিএডি মোকাররম হোসেন বাদী হয়ে একটি মামলা করেছেন।