আড়াইহাজার থেকে প্রশ্নপত্র ফাঁস চক্রের দুজন আটক

ডিবি কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে প্রশ্নপত্র ফাঁস চক্রের দুই সদস্যনারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা থেকে প্রশ্নপত্র ফাঁস চক্রের দুই সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা হলো, উপজেলার নারান্দী মুন্সিপাড়া এলাকার শামসুল হকের ছেলে ফারুক মিয়া ও জোকারদিয়া এলাকায় বাদল ভূইয়ার ছেলে ইয়াসিন ভূইয়া। রবিবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম জানান, চলমান এসএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের খবর পেয়ে আড়াইহাজারে থেকে রবিবার দুপুরে ফারুক মিয়া ও ইয়াসিন ভূইয়া নামে দুজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১০টি সিম কার্ড, দুটি কম্পিউটারের হার্ডডিস্ক ও একটি মডেম। তাদের দুটি ফেসবুক আইডিসহ আইডিতে প্রকাশিত প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত ২০ পাতা স্ক্রিনশট পেপার জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।