কিশোরগঞ্জে কৃষক হত্যা মামলায় ৯ জনের যাবজ্জীবন

আদালত

কিশোরগঞ্জে কৃষক হারিছ মিয়া হত্যা মামলায় ৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৩ মাস করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে কিশোরগঞ্জের ৩য় অতিরিক্ত জেলা জজ মুহা. আবু তাহের এ রায় দেন। রাষ্ট্রপক্ষের অতিরিক্ত আইনজীবী (এপিপি) দিলীপ কুমার ঘোষ এ তথ্য নিশ্চিত করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন–মো. মোস্তফা মিয়া, আবু সিদ্দিক, ওয়াহাব মিয়া, আ. আওয়াল, মরম আলী, মো. মতি মিয়া, রুস্তুম আলী, মো. ইসমাইল ও আবু সিদ্দিক।

আদালত সূত্র জানায়, শত্রুতার জের ধরে ১৯৯৬ সালের ২৪ অক্টোবর কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার মাতুয়াইলকান্দা এলাকার কৃষক হারিছ মিয়াকে বাজার থেকে বাড়ি ফেরার পথে সাজাপ্রাপ্ত আসামিরা কুপিয়ে আহত করে। পরে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে পরদিন হারিছ মিয়া মারা যান। এ ঘটনায় কুলিয়ারচর থানায় নিহতের ভাই শহিদুল্লাহ ১৩ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

এপিপি দিলীপ কুমার ঘোষ জানান, হত্যাকাণ্ডের ২১ বছর পর আজ (মঙ্গলবার) দীর্ঘ শুনানি শেষে আদালত ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং আসামি ইব্রাহীমকে বেকসুর খালাস দেন। মামলা বিচারাধীন থাকা অবস্থায় ৩ আসামির মৃত্যু হয়। রায়ের সময় ৭ জন আসামি আদালতে উপস্থিত থাকলেও পলাতক আছেন ২ জন।