বাগেরহাটে ভাষা আন্দোলনের কবি শামসুদ্দিনকে স্মরণ

কবির কবরে পুষ্পস্তবক অর্পণভাষা আন্দোলনের কবি শামসুদ্দিন আহমেদকে শ্রদ্ধাভরে স্মরণ করা হলো বাগেরহাটে। জেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকালে বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের ফতেপুরে কবির বাড়িতে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য মীর শওকত আলী বাদশা।

বাগেরহাট স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য দেন সদর উপজেলা চেয়ারম্যান খান মুজিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শাহিন হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ফজলে সাইদ ডাবলু, বেমরতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনোয়ার হোসেন টগর, অধ্যাপক বুলবুল কবির প্রমুখ।

স্মরণসভায় বক্তারাবক্তারা কবির স্মরণে একটি গ্রন্থাগার স্থাপনের সিদ্ধান্ত নেন। স্মরণানুষ্ঠানে কেবি ফতেপুর মাধ্যমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। স্মরণসভার পর কবির সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

১৯১৫ সালে বাগেরহাটের সদর উপজেলার বেমরতা ইউনিয়নের ফতেপুর গ্রামে চারণ কবি শামসুদ্দিন আহমেদ জন্মগ্রহণ করেন। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ১৪৪ ধারা ভেঙে মিছিলের সময় পাকিস্তানি পুলিশের গুলিতে ঢাকার রাজপথে শহীদ হন ছাত্রসহ বেশ কয়েকজন। ওইদিন রাতেই বাগেরহাটের চারণ কবি শেখ শামসুদ্দিন আহমেদ “রাষ্ট্রভাষা” নামে একটি গান লেখেন। এটি ভাষা আন্দোলন উপলক্ষে প্রথম গান। পরে গানটি ব্যপক সমাদৃত হয়। ১৯৭৪ সালে মারা যান এ কবি।