নিয়মতান্ত্রিক আন্দোলনের মধ্যদিয়ে বর্তমান সরকারের পতন ঘটিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করা হবে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ‘আওয়ামী লীগের গাত্রদাহ হচ্ছে, বিএনপি কেন সুশৃঙ্খভাবে আন্দোলন এগিয়ে নিয়ে যাচ্ছে। তাই ওই দলটির নেতারা উসকানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন।’
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে নগর বিএনপির কার্যালয় নসিমন ভবনের সামনে আয়োজিত এক সমাবেশে তিনি একথা বলেন। কারাবন্দি খালেদা জিয়ার মুক্তির দাবিতে চট্টগ্রাম মহানগর বিএনপি এ সমাবেশের আয়োজন করে। সমাবেশে আমির খসরু মাহমুদ প্রধান অতিথি ছিলেন।
আমির খসরু মাহমুদ বলেন, ‘আমরা ধ্বংসের পথে নেই, আমরা শান্তির পথে। ধ্বংসের পথ হচ্ছে ফ্যাসিস্ট সরকারের পথ। আমরা লড়ছি গণতন্ত্র ফিরিয়ে আনতে, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে, স্বাধীন বিচার ব্যবস্থা ফিরিয়ে আনতে। বিএনপির রাজনীতি হচ্ছে জনগণ নির্ভর, আর আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে কিছু দলীয় সরকারি বাহিনী নির্ভর। তারা এ বাহিনীকে ব্যবহার করে অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে চায়।’
খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর থেকে দেশের মানুষ কাঁদছে দাবি করে তিনি আরও বলেন, ‘খালেদা জিয়াকে মুক্ত করতে দেশের জনগণ আজ ঐক্যবদ্ধ। ৮ ফেব্রুয়ারিতে চট্টগ্রামে ১৪৪ ধারা ছিল না, দলীয় কার্যালয়ের সামনেও ১৪৪ ধারা ছিল না। তারপরও কেন মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনকে দলীয় কার্যালয়ের ভেতর থেকে গ্রেফতার করা হলো? কেন তাকে রিমান্ডে নেওয়া হলো? কেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর বাসায় থাকতে পারে না? কেন বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা হলো?’
নগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে সমাবেশে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করসহ আরও অনেকে বক্তব্য রাখেন।