কুমিল্লায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খোরশেদ আলম নামের একজন স্থানীয় আওয়ামী লীগের কর্মীকে কুপিয়ে ও গুলি করে হত্যার চেষ্টা করেছে প্রতিপক্ষের লোকজন। বুধবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলার সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ খোরশেদ আলমকে (৬০) কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সদর দক্ষিণের চৌয়ারা এলাকায় খাল থেকে মাটি বিক্রি ও মাছ ধরা ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় আওয়ামী লীগের দু’টি গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বুধবার সন্ধ্যায় সেই বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন আওয়ামী লীগ কর্মী খোরশেদ আলমেকে কুপিয়ে ও গুলি করে আহত করে। আহত খোরশেদ আলম চৌয়ারা কালিনগর এলাকার আলী আহম্মদের ছেলে।
চিকিৎসকরা জানান, খোরশেদ আলমের হাঁটুতে দু’টি বুলেট বিদ্ধ হয়েছে। এছাড়াও তার শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাত রয়েছে, তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
গুলিবিদ্ধ খোরশেদ আলম জানান, সন্ধ্যা ৭টার দিকে তিনি চৌয়ারা বাজার এলাকায় পৌঁছালে স্থানীয় রায়পুর গ্রামের রুকু মিয়ার ছেলে ইমরানের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এক পর্যায়ে তাকে কুপিয়ে এবং পরে গুলি করে তারা চলে যায়।
সদর দক্ষিণ মডেল থানার ওসি নজরুল ইসলাম জানান, পূর্ব বিরোধের জের ধরে ওই বৃদ্ধের ওপর হামলা হয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।