কুবিতে ভর্তি পরীক্ষা শুরু আজ

কুমিল্লা-বিশ্ববিদ্যালয়কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ থেকে। প্রথমদিন শুক্রবার ‘এ’ ও ‘বি’ এবং শনিবার ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সূত্র জানায়, শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ‘এ’ ইউনিট এবং বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। শনিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার জানান, ভর্তি পরীক্ষার জন্য বিশ্ববিদ্যালয়সহ ১৭টি শিক্ষা প্রতিষ্ঠানকে পরীক্ষার কেন্দ্র করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ছাড়া বাকি কেন্দ্রগুলো বিশ্ববিদ্যালয়-সংলগ্ন কোটবাড়ি এলাকা ও কুমিল্লা শহরে অবস্থিত। ইংরেজি মাধ্যমে পরীক্ষাদানে আগ্রহী পরীক্ষার্থীরা শুধুমাত্র কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। প্রতি ইউনিটের ভর্তি পরীক্ষায় শৃঙ্খলা রক্ষায় পাঁচ জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এছাড়াও পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য মোতায়েন থাকবেন।

ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বেন ৫৩ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। ৬টি অনুষদের অধীনে ১ হাজার ৪০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৫৪ হাজার ৮০৯ জন শিক্ষার্থী। ‘এ’ ইউনিটে (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ) ৭টি বিভাগে ৩৫০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২৩ হাজার ৬২৫ জন, ‘বি’ ইউনিটের (কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ) ৮ বিভাগে ৪৫০ আসনের বিপরীতে ১৯ হাজার ৩৭২ জন ও ‘সি’ ইউনিটে (ব্যবসায় শিক্ষা অনুষদ) ৪ বিভাগে ২৪০টি আসনের বিপরীতে ১১ হাজার ৮১২ জন শিক্ষার্থী। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যে কোন তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট ও হেল্পলাইন  ০১৫৫৭-৩৩০৩৮১ / ০১৫৫৭-৩৩০৩৮২ তে জানা যাবে।

গত বছরের ১৭ ও ১৮ নভেম্বর ভর্তি পরীক্ষাটি হওয়ার কথা থাকলেও বিশ্ববিদ্যালয়ের অস্থিতিশীল পরিস্থিতির কারণে গত ৬ নভেম্বর তা স্থগিত করা হয়। ৩১ জানুয়ারি নতুন উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী যোগদান করে তার প্রথম কার্যদিবসেই ভর্তি পরীক্ষার এ তারিখ নির্ধারণ করেন।