সান্তাহারে অপহৃত শিশু কালিয়াকৈরে উদ্ধার

শিশু শুভ সজিব

বগুড়ার সান্তাহার থেকে অপহৃত শিশু শুভ সজিবকে (৮) গাজীপুরের কালিয়াকৈর থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে শুভ সজিবকে উদ্ধার করা হয়। এসময় চার অপহরণকারীকেও গ্রেফতার করা হয়। কালিয়াকৈর থানার ওসি রফিকুল ইসলাম এ খবর নিশ্চিত করেন।

শুভ সজিব আদমদীঘি উপজেলার সান্তাহারের সান্দিড়া গ্রামের শিপুল সরদারের ছেলে। সে স্থানীয় একটি স্কুলে দ্বিতীয় শ্রেণিতে পড়ে।

গ্রেফতার অপহরণকারীরা হলো– শুভ সজিবের ফুফাতো ভাই আদমদীঘি উপজেলার চকসাবাজ গ্রামের নুর মোহাম্মদের ছেলে দ্বীন মোহাম্মদ রাজু (১৭), তার সহযোগী একই গ্রামের দুলাল হোসেনের ছেলে সাগর আহমেদ (২২), বামনিগ্রামের ফরমান আলীর ছেলে জাকির হোসেন (২০) ও উৎরাইল গ্রামের রফিকুল ইসলামের ছেলে নাঈম হোসেন (১৮)।

পুলিশ জানায়, গত সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শুভ সজিব তার সহপাঠীদের সঙ্গে স্কুল থেকে বাড়ি ফিরছিল। পথে ফুফাতো ভাই দ্বীন মোহাম্মদ রাজুর সঙ্গে তার দেখা হয়। রাজু তাকে চকসাবাজ গ্রামের দীঘিরপাড়ের দিকে নিয়ে যায়।

এদিকে, সজিব বাড়িতে না ফেরায় তার বাবা-মা তার খোঁজ শুরু করেন। আমির হোসেন নামে সজিবের এক সহপাঠী জানায়, রাজু তাকে নিয়ে গেছে। এতে রাজুকে ফোন করেন সজিবের বাবা। রাজু সজিবের কথা গোপন করে এবং কাজে ঢাকা যাচ্ছে বলে জানায়। পরবর্তী সময়ে সে অন্য নম্বর থেকে সজিবের বাবার মোবাইল ফোনে কল দিয়ে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং না পেলে সজিবকে হত্যার হুমকি দেয়।

সোমবার রাত ১০টার দিকে সজিবের বাবা শিপুল সরদার আদমদীঘি থানায় মামলা করেন। আদমদীঘি সার্কেল ও থানা পুলিশের তৎপরতায় মঙ্গলবার বেলা ১টার দিকে ঢাকার আশুলিয়া থানা পুলিশ একটি বাস থেকে অপহরণকারী রাজুকে গ্রেফতার করে। পরে রাজুর স্বীকারোক্তি অনুযায়ী গাজীপুরের কালিয়াকৈর থানার পুলিশ অন্য এক বাস থেকে অপহৃত শিশু সজিবকে উদ্ধার করে। এসময় অপর তিন অপহরণকারীকে গ্রেফতার করা হয়।

ওসি রফিকুল ইসলাম জানান, অপহৃত শিশু সজিবকে উদ্ধার এবং চার অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে। আদমদীঘি থানার ওসি আবু সাঈদ মোহাম্মদ ওয়াহেদুজ্জামান বলেন, ‘অপহরণকারীরা মুক্তিপণ না পেলে শিশুটিকে হত্যার হুমকি দিয়েছিল। শিশুকে উদ্ধার ও চার অপহরণকারীকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। তাদের বগুড়ায় আনতে এসআই আবদুল ওয়াদুদ বিকালে ঢাকার দিকে রওনা হয়েছেন।’