রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) নব-গঠিত আটটি থানার প্রশাসিক কার্যক্রম বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। এর আগে ২২ ফেব্রুয়ারি এই আট থানা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরএমপির মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম এ খবর নিশ্চিত করেন।
আরএমপির নতুন থানাগুলো হলো– পবা, কর্ণহার, দামকুড়া, কাশিয়াডাঙ্গা, বেলপুকুর, কাটাখালি, এয়ারপোর্ট ও চন্দ্রিমা।
ইফতেখায়ের আলম বলেন, ‘বুধবার নতুন আটটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা আরএমপি সদর দফতরে এসে যোগদান করেন। তারা ১ মার্চ থেকে কার্যক্রম শুরু করবেন।’
তিনি আরও বলেন, ‘আরএমপির কমিশনার মো. মাহাবুবর রহমান পিপিএম নতুন আটটি থানার ওসিদের পদায়ন করেন।’
পুলিশ পরিদর্শক মেহেদী হাসান রন্টুকে কাটাখালী থানায়, পুলিশ পরিদর্শক মো. শাহাদাত হোসেন খানকে মতিহার থানায়, পুলিশ পরিদর্শক মো. হুমায়ুন কবিরকে চন্দ্রিমা থানায়, পুলিশ পরিদর্শক এসএম মাসুদ পারভেজকে পবা থানায়, পুলিশ পরিদর্শক মো. রবিউল ইসলামকে কাশিয়াডাঙ্গা থানায় অফিসার ইনচার্জ হিসেবে পদায়ন করা হয়েছে। এছাড়া একই আদেশে পুলিশ পরিদর্শক মো. আব্দুল লতিফ শাহকে ইন্সপেক্টর (তদন্ত) হিসেবে দামকুড়া থানায়, পুলিশ পরিদর্শক মো. কবিরুল ইসলামকে ইন্সপেক্টর (তদন্ত) হিসেবে বেলপুকুর থানায়, পুলিশ পরিদর্শক মো. ইমাম জাফরকে ইন্সপেক্টর (তদন্ত) হিসেবে কর্ণহার থানায়, পুলিশ পরিদর্শক মো. রাজিবুল ইসলামকে ইন্সপেক্টর (তদন্ত) হিসেবে এয়ারপোর্ট থানায় পদায়ন করা হয়েছে। অফিসার ইনচার্জ পদায়ন না হওয়া পর্যন্ত তারা থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পালন করবেন।
ইফতে খায়ের আলম বলেন, ‘পুরাতন থানারগুলোর মধ্যে শুধু মতিহার থানার ওসি রদবদল করা হয়েছে। এ থানার ওসি মেহেদী হাসানকে নতুন থানা কাটাখালিতে দেওয়া হয়। আর মতিহার থানায় ওসি করা হয়েছে পুলিশ পরিদর্শক শাহাদাত হোসেন খানকে।’ তিনি আরও বলেন, ‘নব-গঠিত আটটি থানাসহ আএমপিতে এখন মোট ১২টি থানা রয়েছে। পুরাতন গুলো হচ্ছে– বোয়ালিয়া, রাজপাড়া, মতিহার ও শাহ মখদুম থানা।