জলাবদ্ধতা নিরসনে ফরিদপুর শহরের দক্ষিণ আলিপুরে খালের জায়গায় তৈরি করা হচ্ছে ড্রেন ও রাস্তা। খোদ পৌরসভার উদ্যোগে ১৮ কোটি টাকা ব্যয়ে করা হচ্ছে এই খাল ভরাট ও রাস্তা-ড্রেন নির্মাণ। সম্প্রতি এ সংক্রান্ত কাজের নির্দেশনা দিয়েছে ফরিদপুর পৌরসভা। ১৯৬২ সালের ভূমি জরিপে খালটিকে ‘ফরিদপুর খাল’ নামে উল্লেখ করা হয়েছিল।
সূত্র মতে, ২০০৭ সালে ফরিদপুর শহরে চারদিন ব্যাপী প্রবল বৃষ্টিপাতে ব্যাপক জলাবদ্ধতা হয়। তখন শহরের পুরাতন নালা ও খাল উদ্ধারের প্রয়োজনীয়তা দেখা দেয়। পরে ২০০৮ সালে তত্ত্ববধায়ক সরকারের আমলে আলিপুর এলাকার এই খালটির প্রায় আধা কিলোমিটার অংশ যৌথবাহিনীর সহায়তায় দখল মুক্ত করে প্রশাসন।
খলিল শেখ নামে আলিপুর এলাকার বাসিন্দা বলেন, ‘একসময় এই খাল দিয়ে নৌকাযোগে প্রত্যন্ত এলাকা থেকে পাট ও অন্যান্য কৃষিজাত পণ্য শহরে আসতো। আজ খালের সেই গতিপথের অস্তিত্ব নেই।’
সরেজমিনে দেখা যায়, প্রায় এক কিলোমিটার দীর্ঘ এবং ১১৫ থেকে ৫২ ফুট চওড়া এই খালের অর্ধেকই আজ বিলীন। আর লক্ষ্মীপুর ও আলিপুর এলাকার অংশের এখন পাকা দালান, দোকান ও মাটিতে ভরাট হয়ে গেছে।
ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহাতাব আলী মেথু বলেন, ‘শহরের যানজট ও জলাবদ্ধতা নিরসনের অংশ হিসাবে এই খালের উপর রাস্তা ও ড্রেন নির্মাণ করা হচ্ছে। আগামীতে আরও ড্রেন নির্মাণ করা হবে। তাতে পৌর এলাকার ৯৯ ভাগ জলাবদ্ধতার সমাধান হবে।’