কুমিল্লার হোমনা উপজেলায় নসিমনের চাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার (ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দুলালপুর কালমিনা সড়কে এ দুর্ঘটনা ঘটে। হোমনা থানার এসআই ওয়াহেদ মুরাদ এ তথ্য নিশ্চিত করেন।
নিহত স্কুলছাত্র মো. রাহিম (১৩) উপজেলার ঘনিয়ারচর গ্রামের মো. আমির হোসেন মেম্বারের ছেলে। সে ঘনিয়ারচর হলি চাইল্ড কিন্ডার গার্টেনের পঞ্চম শ্রেণির ছাত্র।
নিহতের বাবা আমির হোসেন মেম্বারের বরাত দিয়ে পুলিশ জানায়, কাঠবোঝাই করে বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় নসিমনে উঠে রাহিম ও ফয়সাল নামের আরও এক শিশু। কিছু দূর যাওয়ার পর একটি সেতুতে উঠার সময় নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে পেছনের দিকে চলতে শুরু করে। এসময় রাহিম নসিমনের চাকার নিচে চলে যায়। খবর পেয়ে স্বজনরা রাহিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআই ওয়াহেদ মুরাদ বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শনের পর লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছি। নিহতের মাথার বামপাশ থেতলানো এবং বুকের হাড় ভেঙে গেছে।’