তিনি জানান, বৃহস্পতিবার (১ মার্চ) র্যাব-৮ এর অভিযানে এসব চিংড়ির রেনু জব্দ করা হয়। ঘটনাস্থল থেকে ১৯ জনকে আটক করা হয়েছে। অবৈধভাবে এসব রেনুপোনা সংগ্রহ করে বরিশাল অঞ্চল হতে পরিবহনযোগে বাগেরহাট ও খুলনা জেলার চিংড়ি ঘেরে বিক্রির জন্য নেওয়া হচ্ছিলো বলে আটককৃতরা জানিয়েছে।
বৃহস্পতিবার দুপুরে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে হস্তান্তর করা হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার দিলরুবা ইসলাম পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে আটককৃতদের প্রত্যেককে ৩ হাজার টাকা করে মোট ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও জব্দকৃত চিংড়ির রেনুপোনাগুলো নদীতে অবমুক্ত করা হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলো- পিরোজপুর জেলার নাজমুল (১৯), গোপালগঞ্জ জেলার শহিদুল শেখ (২৩), ভোলা জেলার সোহাগ (১৯), আব্দুল কাদের (৩০), মাসুদ শেখ (১৮), মো. মাসুদ (২০), শাহ আলম (২৫), হুমায়ন (২০), ফরিদ (২২), সাকিল (১৮), সোহাগ (১৮), নীরব হোসেন (২২), ইব্রাহিম (২২), ফরহাদ (২২), খুলনা জেলার রাসেল গাজী (২২) ও বাগেরহাট জেলার আল আমিন মল্লিক (৩০), উরান শেখ (২৪), কবির হাওলাদার (২২) ও আলম (৩৫)।
জেলা মৎস্য অধিদফতরের কর্মকর্তা (হিলসা) বিমল চন্দ্র দাস জানান, র্যাব-৮ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহষ্পতিবার সকালে বরিশাল নগরের দপদপিয়া শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর টোল প্লাজার সামনে অভিযান চালায়। এসময় খুলনা মেট্রো ট-১১-১২৭১, যশোর মেট্রো ট-১১-৩৫০২, ঢাকা মেট্টো ট-১৬-৪৭৬৬ নম্বরের তিনটি ট্রাকসহ ১৯ জনকে আটক করা হয়। এরপর তাল্লাশি চালিয়ে ট্রাক তিনটি থেকে মোট ৯৬ ড্রাম ভর্তি আনুমানিক ৯ লাখ ৬০ হাজার পিস গলদা চিংড়ির রেনুপোনা উদ্ধার করা হয়। জব্দ রেনুপোনার বাজার মূল্য আনুমানিক অর্ধ-কোটি টাকা।