চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন হচ্ছে আগামী শনিবার (৩ মার্চ)। নগরের পলোগ্রাউন্ড মাঠে মাসব্যাপী এ মেলা চলবে। এবারের মেলায় দেশি-বিদেশি ৪৫০টি প্রতিষ্ঠান অংশ নেবে। চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে আয়োজিত এ মেলা চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত।
বৃহস্পতিবার (১ মার্চ) দুপুরে আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানিয়েছেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও মেলা কমিটির উপদেষ্টা মাহবুবুল আলম।
মাহবুবুল আলম জানান, শনিবার নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করবেন। ওইদিন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, সংসদ সদস্য এম এ লতিফ ও এফবিসিসিআইয়ের প্রথম সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মেলার কো-চেয়ারম্যান সৈয়দ জামাল আহমেদ। লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘চার লাখ বর্গফুটের বেশি জায়গাজুড়ে আয়োজিত মেলায় এবার ১৭টি গোল্ড প্যাভিলিয়ন, ৪টি মিনি মেগা প্যাভিলিয়ন, ১১টি প্রিমিয়ার প্যাভিলিয়ন, ৮টি স্ট্যান্ডার্ড প্যাভিলিয়ন, ১৭২টি মেগা স্টল, ২৩টি মেগা স্টল, ১৪টি প্রিমিয়ার গোল্ড স্টল, ১৩টি প্রিমিয়ার স্টল, ১৪টি স্ট্যান্ডার্ড স্টল, তিনটি রেস্টুরেন্ট, পার্টনার কান্ট্রি থাই জোন ও তিনটি আলাদা জোন নিয়ে ৪৫০ এর অধিক প্রতিষ্ঠান মেলায় অংশ নিচ্ছে। সকাল ১০ থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীরা মেলায় কেনাকাটা করতে পারবেন।’
তিনি আরও বলেন, ‘এবছর মেলায় কান্ট্রি পার্টনার হিসেবে থাইল্যান্ড অংশ নিবে। এছাড়া ভারত, ইরান ও মরিশাস অংশ নিচ্ছে। প্রতিবারের মতো এবারও মেলায় বাড়তি নিরাপত্তা থাকবে।’
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে চেম্বার পরিচালক এম এ মোতালেব, অহিদ সিরাজসহ অনেকে উপস্থিত ছিলেন।