সাংবাদিক শিমুল হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

আব্দুল হাকিম শিমুল

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার পলাতক আসামি কামাল হোসেনকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ মার্চ) সন্ধ্যায় উপজেলার বারাবিল সরকারপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) রাকিবুল ইসলাম এ খবর নিশ্চিত করেন।

গ্রেফতার কামাল হোসেন বারাবিল সরকারপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। সে সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি।

পুলিশ পরিদর্শক রাকিবুল ইসলাম বলেন, ‘কামাল হোসেন দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিল। আজ সে নিজ বাড়িতে আসে। গোপনে খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে।’ আগামীকাল শুক্রবার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে বলেও তিনি জানান।

এ নিয়ে এ মামলার ৩১ আসামি ধরা পড়েছে। এর মধ্যে মামলার প্রধান ও অন্যতম আসামি শাহজাদপুর পৌরসভার সাময়িক বহিষ্কৃত মেয়র হালিমুল হক মিরু বর্তমানে জেলা কারাগারে রয়েছে। আর বাকি ২৯ আসামি উচ্চ আদালতের আদেশে জামিনে রয়েছেন।

প্রসঙ্গত, গত ২ ফেব্রুয়ারি অপহৃত ছাত্রলীগ নেতা বিজয় মাহমুদকে উদ্ধার করার ঘটনায় শাহজাদপুর পৌর শহরের মনিরামপুরে মেয়র মিরু ও তার ভাইদের সঙ্গে স্থানীয় সরকার দলীয় নেতাকর্মীদের সংঘর্ষে পেশাগত দায়িত্বপালন করতে গিয়ে সাংবাদিক শিমুল গুলিবিদ্ধ হন। পরদিন বগুড়া থেকে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় শিমুলের স্ত্রী মেয়র মিরু ও মিন্টুসহ জ্ঞাত-অজ্ঞাত মিলে ৪০/৪২ জনের নামে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।