পঞ্চগড়ে বোরো ক্ষেতে এক হাজার পার্চিং স্থাপন

বোদা উপজেলায় পার্চিং উৎসব
প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে কম খরচে বিষমুক্ত ফসল উৎপাদনের লক্ষ্যে পঞ্চগড়ের বোরো ক্ষেতে এক হাজার পার্চিং স্থাপন করা হয়েছে। পার্চিং পদ্ধতি ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করতে জেলার বোদা উপজেলার মাঠপর্যায়ে এক কৃষক প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বোদা উপজেলা কৃষি বিভাগ এর আয়োজন করেছে।

প্রশিক্ষণ ক্যাম্পে পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক শামছুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বোদা উপজেলায় পার্চিং উৎসব

বোদা উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষক আনিছুর রহমান, আব্দুল মজিদ, ভাদ্রী রানি ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম।

পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক শামছুল হক জানান, ক্ষতিকর পোকার হাত থেকে ক্ষেত রক্ষায় পার্চিং পদ্ধতি অত্যন্ত ফলপ্রসূ। ক্ষতিকর পোকা নিধন করার জন্য ক্ষেতে পার্চিং হিসেবে গাছের ডাল, বাঁশের কঞ্চি, ঝিক, বাঁশের তৈরি লাঠি ব্যবহার করে পাখি বসার স্থান তৈরি করা হয়। এ পদ্ধতি ব্যবহার করলে ক্ষেতে কীটনাশক ব্যবহার করতে হয় না। এই পদ্ধতির ফলে কম খরচে বিষমুক্ত অধিক ফসল উৎপাদন সম্ভব। এছাড়া পরিবেশের ভারসাম্যও রক্ষা হয়। এই পদ্ধতিতে আশানুরূপ ফল পাওয়ায় পঞ্চগড় জেলায় এই পদ্ধতির ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

সভায় কৃষি কর্মকর্তা,কৃষক ও কয়েকশ শিক্ষার্থী অংশ নেন। প্রশিক্ষণ শেষে ওই এলাকার বোরো ক্ষেতে এক হাজার পার্চিং স্থাপন করা হয়।

এক হাজার পার্চিং স্থাপন