জাফর ইকবালকে হত্যাচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ

জনপ্রিয় লেখক অধ্যাপক জাফর ইকবালকে হত্যাচেষ্টার প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ সমাবেশ করেছে কয়েকটি প্রগতিশীল ছাত্র ও সাংস্কৃতিক সংগঠন। ৫ মার্চ সোমবার দুপুরে শহরের চৌমোহনা চত্বরে ঘন্টাব্যাপী প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উদীচী শিল্পীগোষ্ঠী মৌলভীবাজার জেলা সংসদের সহ-সভাপতি জহর লাল দত্ত।

মৌলভীবাজারসমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মিটন দেবনাথের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ প্রগতি লেখক সংঘের সহ-সভাপতি অধ্যাপক সৈয়দ মুজিবুর রহমান, সিপিবির সাধারণ সম্পাদক নীলিমেষ ঘোষ বলু, উদীচীর সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ চৌধুরী, সাংস্কৃতিক কর্মী নির্বেন্দু নির্ধূত, ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার সরকারি কলেজ সংসদের সভাপতি শুবিনয় শুভ, সাংস্কৃতিক ইউনিয়নের মনশ্রী জুঁই, ছাত্র ফ্রন্ট শহর শাখার সভাপতি মারুফ হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, অধ্যাপক জাফর ইকবালের ওপর হামলা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় মৌলবাদী অপশক্তি সর্বনাশের জন্য সদা তৎপর। এর আগে মুক্তমনা প্রগতিশীল মানুষদের ওপর হামলা ও অনেককে হত্যা করা হয়। কিন্তু সেসব ঘটনায় প্রকৃত তদন্ত ও বিচার না হওয়ায় ধর্মান্ধরা উৎসাহ পাচ্ছে। অবিলম্বে এই ঘটনার বিচারের আহ্বান জানান তারা। পরে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়।